বিশালগড়ে মাতালদের তান্ডব ,আক্রান্ত অটো চালক।

বিশালগড় অফিসটিলায় ফের ক্লাবের গুন্ডামি। দশমীর রাতে অফিস টিলা গ্রীন এরো ক্লাবের গুন্ডামির রেশ কাটতে না কাটতেই ফের উত্তপ্ত অফিসটিলা বাজার এলাকা । এবার অভিযোগ উঠল অফিস টিলার অপর ক্লাব যুবক সংঘের নামে। ক্লাবের মাতালদের তান্ডবে গুরুতরুভাবে জখম এক যাত্রীবাহী অটো রিক্সা  চালক। গাড়ি থামিয়ে যাত্রীদের সামনে তাকে বেধড়ক মারধর করা হয়েছে। আহত অটোচালক পিন্টু দেবনাথ চিকিৎসাধীন বিশালগড় মহকুমা হাসপাতালে। ভাঙচুর করা হয়েছে তার গাড়িটি। ক্লাবের ৫/৬ জনের বিরুদ্ধে এ গুন্ডামির অভিযোগ। জানা গেছে শুক্রবার রাত্রি আনুমানিক সাড়ে সাতটায়  বিশালগড় থেকে TR 074334 নম্বরের অটো রিক্সা  করে যাত্রী নিয়ে গৌতম নগর ১ নং গেইট এলাকায় যাওয়ার পথে অফিসটিলা যুবক সংঘ ক্লাবের সদস্যরা এ আক্রমণ সংঘটিত করে। সে সময়ে সংশ্লিষ্ট ক্লাবের সামনে আগরতলা সাব্রুম জাতীয় সড়কে বাজি পটকা ফুটিয়ে  তান্ডব চালাচ্ছিল ক্লাবের মদ্যপ সদস্য ও পদাধিকারীরা। বাজির ফোয়ারা ও উন্মাদ যুবকদের তাণ্ডব দেখে চালক পিন্টু দেবনাথ একপাশে গাড়িটি দাঁড় করিয়ে রাখেন। খানিকটা পর সুযোগ বুঝে গাড়ি স্টার্ট করতেই উন্মাদ যুবকরা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে প্রাণঘাতি আক্রমণ করে চালক পিন্টুকে। পরে পথচারীদের সহযোগিতায় আহত পিন্টু দেবনাথ কে পাঠানো হয় বিশালগড়  মহকুমা হাসপাতালে। খবরটি চাউর হতেই ক্লাব চত্বরে ভিড় জমায় প্রচুর মানুষ। ছুটে যায় সাংবাদিক ও। খবর সংগ্রহে ক্যামেরা অন করতেই পাবলিক অ্যাপসের সাংবাদিক কুমার গৌরব কে ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে  হুমকি দেয় ক্লাবের মদ্যপ যুবকরা। অপরদিকে অটোচালক পিন্টু দেবনাথের পক্ষ থেকে বিশালগড় থানায় মামলা দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। এখন দেখার ক্লাব কর্মকর্তাদের বিরুদ্ধে কতটুকু ঘাম ঝরায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *