বিলোনিয়া থানাধীন শিবপুর রেল টানেলের মুখে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ ওই এলাকার তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে রবিবার গভীর রাতে। মৃত ব্যক্তির পরিচয় পাওয়া না গেলেও পুলিশ এটিকে একটি হত্যার ঘটনা ধরে নিয়ে তদন্ত শুরু করে এবং ডগ স্কোয়ার্ড থেকে শুরু করে ফরেনসিক দল দিয়ে খোঁজা শুরু হয় আততায়ী। অবশেষে সফলতাও পায় পুলিশ। ঘটনার সাত দিনের মাথায় হত্যাকারী সন্দেহে সুধির মানিক ত্রিপুরা (৩২), অসি মানিক ত্রিপুরা(৩০) এবং লক্ষ্মী চৌধুরী ত্রিপুরা (২৪) এই তিনজনকে গ্রেফতার করে আজ বিলোনিয়া আদালতে প্রেরণ করে। হত্যার কারণ খুঁজতে এবং এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তদের পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। বেশ কিছুদিন বিলোনিয়া হাসপাতালের মর্গে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ রাখার পর এরই মধ্যে পুলিশ মৃতদেহ সৎকার করে নিয়েছে। তবে কোন অভিযোগকারী না থাকলেও পুলিশ যে কোন ঘটনার তদন্ত করে অপরাধীদের খুঁজে বের করতে পারে তার প্রমাণ দেখাতে পারল বিলোনিয়া থানার পুলিশ। এই ঘটনার কূল কিনারা করতে পারায় স্বস্তি ফিরলো পুলিশ মহলেও। যদিও কি কারনে এই হত্যাকাণ্ড বা ব্যক্তিকে তা এখনো পুলিশ বের করতে পারেনি তবে আদালত পুলিশ রিমান্ড মঞ্জুর করলে তদন্তে জানা যাবে সবকিছুই।
