বৃহস্পতিবার বিকেলে জিরানীয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও অন্যান্য সমস্যা নিয়ে সেখানে উপস্থিত হাসপাতালের সকল চিকিৎসা কর্মীদের সাথে কথা বলেন। প্রতিটি রোগীকে সঠিক চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য সেখানে উপস্থিত সকল চিকিৎসক ও চিকিৎসার সাথে যুক্ত অন্যান্য কর্মীদের নির্দেশ প্রদান করেন তিনি। হাসপাতালের সুনাম অক্ষুন্ন রাখতে এবং প্রতিটি রোগী যাতে সঠিক চিকিৎসা পরিষেবা পায়, প্রতিটি রোগীর সাথে যেন চিকিৎসক সহ অন্যান্য কর্মীরা ভাল ব্যবহার করেন সকলের কাছে অনুরোধ করেন তিনি। জিরানীয়া মহকুমার মানুষকে চিকিৎসার জন্য যাতে মহকুমার বাইরে না যেতে হয়, এখানকার স্থানীয় হাসপাতালেই রোগীরা যাতে সঠিক চিকিৎসা পায় সেইদিকে সম্মিলিতভাবে সবাইকে চেষ্টা করতে বলেন তিনি। জিরানীয়া মহকুমাবাসী যাতে আরো উন্নত চিকিৎসা পায় তার জন্য আগামীতে এখানে আরো উন্নত ভালো চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়ে সবাইকে কাজ করে যেতে আহ্বান রাখেন তিনি। সম্প্রতি এই জিরানীয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ৩(তিন) জন বিশেষজ্ঞ চিকিৎসক (শিশুরোগ বিশেষজ্ঞ/স্ত্রী ও প্রসূতিরোগ বিশেষজ্ঞ/ এম.ডি মেডিসিন) দেওয়ার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহাকে অসংখ্য ধন্যবাদ জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।
