সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে আজ সারা দেশের সাথে রাজ্যেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত হয়েছে। রাজ্যভিত্তিক রাষ্ট্রীয় একতা দিবস উৎসবের মূল অনুষ্ঠানটি হয় স্বামী বিবেকানন্দ ময়দানে। সকালে রাজ্যভিত্তিক এই অনুষ্ঠানের সূচনা করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, দেশের একতা, অখন্ডতা ও সুরক্ষা সুনিশ্চিত করতে আজকের দিনটি সকলের জন্য গৌরবময় দিন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেদিন থেকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন, সেই বছর থেকেই আজকের দিনটি দেশের পূর্বতন উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দেশের অখন্ডতা রক্ষার জন্য সর্দার বল্লভভাই প্যাটেল প্রায় ৫০০টি’র উপর ছোট ছোট স্বাধীন রাজ্যগুলিকে একত্রিত করে দেশের অখন্ডতাকে মজবুত করেছিলেন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শ্রী সাহা এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরী, জনজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়া, সাংসদ রেবতী ত্রিপুরা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মুখ্যসচিব জে কে সিনহা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুখ্যসচিব জে কে সিনহা বলেন, এই দিবস উদযাপনের মধ্যে দিয়ে দেশের অখন্ডতা আরও মজবুত হবে। স্বাগত বক্তব্য রাখেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ড. পি. কে চক্রবর্তী।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাষ্ট্রীয় একতা দিবসের শপথ বাক্য পাঠ করান। এরপর তিনি পতাকা নেড়ে রান ফর ইউনিটি’র আনুষ্ঠানিক সূচনা করেন। রান ফর ইউনিটিতে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন। রান ফর ইউনিটি স্বামী বিবেকানন্দ ময়দান থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উমাকান্ত একাডেমিতে এসে সমাপ্ত হয়।
