স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, খেলাধুলার সার্বিক উন্নয়নের জন্য রাজ্য সরকার অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে। জনগণকে জটিল রোগের চিকিৎসা করার জন্য এখন আর রাজ্যের বাইরে যেতে হয় না। কারণ আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ এবং জিবি হাসপাতালে নিউরোলজি, কার্ডিয়লজির মত গুরুত্বপূর্ণ বিভাগ খোলা হয়েছে। রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদান করার জন্য মেডিক্যাল হাব তৈরীর কাজ চলছে। আজ উদয়পুরের চন্দ্রপুর দ্বিতীয় জেলা সুসংহত আয়ুষ হাসপাতালের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এই কথা বলেন। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে রোগীর ভিড় কমানোর জন্য জেলা হাসপাতালগুলিতে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে রাজ্যে ডেন্টাল কলেজেরও যাত্রা শুরু হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের ছাত্রছাত্রীরা এই কলেজে পড়াশোনা করতে পারবে। রাজ্যে একটি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং একটি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ স্থাপন করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, এডিসি এলাকায় একটি মেডিক্যাল কলেজ স্থাপন করা হবে। আগামীদিনে রাজ্যে একটি মেডিক্যাল ইউনিভার্সিটি তৈরী করার দিশাতে রাজ্য সরকার কাজ করছে।
অনুষ্ঠানে বিধায়ক বিপ্লব কুমার ঘোষ বলেন, উন্নত স্বাস্থ্যপরিষেবা প্রদান করার জন্য রাজ্য সরকারের এটি একটি অভিনব উদ্যোগ। স্থানীয় জনগণ সহ রাজ্যের মানুষ এই হাসপাতালের দ্বারা উপকৃত হবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। এছাড়া বক্তব্য রাখেন স্বাস্থ্যসচিব ড. দেবাশিস বসু। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার শুভাশিস দেববর্মা এবং ধন্যবাদসূচক বক্তব্য রাখেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন কুমার সেন। উল্লেখ্য এই হাসপাতালটি। ২৪x৭ খোলা থাকবে। এই হাসপাতালে মোট ১০টি বেড থাকবে। এর মধ্যে ৫ টি পুরুষদের জন্য ও ৫টি মহিলাদের জন্য।
আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গোমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী, গোমতী জেলার জেলাশাসক গভেকার ময়ূর রতিলাল, উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার সহ বিশিষ্টজনেরা।
****২য় পাতায়
গোমতী জেলা সফরকালে এদিন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা উদয়পুর চন্দ্রপুর কলোনীতে
নির্মিত বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন করেন। তিনি সেখানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গদর্শনে রাজ্যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। স্বচ্ছ ভারত স্বচ্ছ ত্রিপুরা, স্বাস্থ্যসম্মত পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন শহর গড়ে তোলার ক্ষেত্রে এই সেন্টার বিশেষ অবদান রাখবে বলে তিনি মত প্রকাশ করেন। নগর উন্নয়ন দপ্তরের অধীন স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে এই সেন্টারটি নির্মাণ করা হয়েছে। এতে মোট ব্যয় হয়েছে ১ কোটি ৫৭ লক্ষ টাকা। এছাড়া মেশিন ও অন্যান্য যন্ত্রপাতি কিনতে ব্যয় হয়েছে প্রায় ৩৮ লক্ষ টাকা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গোমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী, গোমতী জেলার জেলাশাসক গভেকার ময়ূর রতিলাল, উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার প্রমুখ।
