🚨🧧উত্তর ত্রিপুরা জেলায় ১৪৪ ধারা জারি

আসন্ন ত্রিপুরা বিধানসভার নির্বাচন উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলার ৬টি বিধানসভা ক্ষেত্রের ৩৬৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ পর্ব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা এবং এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক স্বার্থে নগদ টাকা, উপহার, মাদকদ্রব্য ইত্যাদি বিলি করে যাতে নির্বাচকদের প্রভাবিত না করতে পারে এজন্য সম্পূর্ণ উত্তর জেলায় ভারতীয় ফৌজদারি দন্ডবিধি ১৯৭৩ এর ১৪৪ ধারা জারি করা হয়েছে। উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা নাগেশ কুমার বি আজ এক আদেশমূলে এই ধারা জারি করেছেন। এই আদেশটি ১৪ ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ৪ টা থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২৩ সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে বলে আদেশে জানানো হয়েছে। এই আদেশ অনুসারে লাঠি, লোহার রড, বাঁশ, পাথর ও অন্যান্য বস্তু ইত্যাদি সহ বা ছাড়া পাঁচ বা ততোধিক লোকের জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন জেলাশাসক। এছাড়া দুই বা ততোধিক মোটরবাইক ও মোটরগাড়ি একসঙ্গে চলাচলও নিষিদ্ধ থাকবে। জেলাশাসক আদেশে উল্লেখ করেছেন, এই নিষেধাজ্ঞা শান্তিপ্রিয় ও কর্তব্যপরায়ণ নাগরিকদের দৈনন্দিন জীবনকে ব্যাহত করার জন্য নয় বরং শান্তিপূর্ণ ও স্বাধীন নির্বাচন পরিচালনা করার জন্য। এই নিষেধাজ্ঞা ১৪ ফেব্রুয়ারি বিকাল ৪টা থেকে ১৭ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। এই আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইপিসির ১৮৮ ধারা অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে। এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। ১) নির্বাচনী কাজে নিযুক্ত কর্মী, সিএপিএফ, পুলিশ, তাদের দ্বারা ব্যবহৃত যানবাহন এবং উপযুক্ত পাশ সহ সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিগণ, ড্রাইভার, সাফাই কর্মীগণ। ২) পায়ে হেটে বা গাড়ি দিয়ে ভোট দিতে যাওয়া নির্বাচকগণ ও শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে লাইনে দাঁড়ানো নির্বাচকগণ ৩) ভোটকেন্দ্রের ২০০ মিটারের বাইরে একমাত্র ভোটার আইডি বহনকারী একই পরিবারের একই গাড়ি করে ভোট দিতে আসা ভোটার ৪) সরকারি কর্মচারী, পুলিশ / সিএপিএফ / সশস্ত্র বাহিনীর সরকারি দায়িত্বে থাকা লোকেরা ৫) শিক্ষাগত কাজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনের বেলা একত্রিত লোকজন ৬) সরকারি বা বেসরকারি কর্মচারিদের দৈনন্দিন দায়িত্বে থাকা ব্যক্তি ৭) সাধারণ যানবাহনের যাত্রীগণ ৮) বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বা বিবাহ / সামাজিক অনুষ্ঠানে একত্রিত লোকজন যদি না সেখানে কোনও ধরনের নগদ টাকা বা অন্যান্য বস্তু বিলি না করা হয় ৯) রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া একত্রিত বাজারের / মন্দিরের জমায়েত ১০) সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার কিংবা নির্বাচন সংক্রান্ত কোনও উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত প্রার্থীর বাড়ি। আজ উত্তর ত্রিপুরা জেলাশাসকের কার্যালয় থেকে এই আদেশ জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *