ঊনকোটি জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে আইন-শৃঙ্খলা রক্ষা এবং শান্তি ও সুস্থিতি বজায় রাখতে জেলাশাসক টি কে চাকমা এক আদেশে ১৪৪ ধারায় কিছু বিধি নিষেধ আরোপ করেছেন। গতকাল থেকে এই আদেশ কার্যকর হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ৩ কিলোমিটার এলাকায় প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত এই বিধি নিষেধ কার্যকর হবে। এই আদেশ অনুসারে জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার ৩ কিলোমিটারের মধ্যে পাঁচ জনের অধিক ব্যক্তি একসাথে জড়ো হতে পারবেন না। কোন ব্যক্তি ঐ এলাকায় লাঠি, তীর-ধনুক, ধারালো বাঁশ, সাইকেলের চেইন, গুলতি, লোহার রড, ছুরি, বাজি ও বিস্ফোরক বহন করতে পারবেন না। তবে এই আদেশ পুলিশ, বিএসএফ, টিএসআর, এআর এবং অন্যান্য আইন প্রণয়নকারী সংস্থার ক্ষেত্রে কার্যকর হবে না। তাছাড়া জেলা প্রশাসন, পুলিশ, বিএসএফ ও অন্যান্য আইন প্রণয়নকারী সংস্থা থেকে বৈধ অনুমোদন প্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রেও এই আদেশ কার্যকর হবে না। এছাড়া, জরুরী চিকিৎসার জন্য রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বা অনুমোদিত ঔষুধের দোকান থেকে জীবনদায়ী ঔষুধ ক্রয় করার ক্ষেত্রে এই আদেশ কার্যকর হবে না। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
